বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই সভার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
আলোচনায় মেটলাইফ, শেভরন ও এক্সিলারেটসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর সুযোগের কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সভায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ থেকে সফরসঙ্গী ছয়জন রাজনৈতিক নেতার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এতে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে ভবিষ্যৎ সুসম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, মার্কিন ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ একাধিক ব্যবসায়ী ও নীতি-নির্ধারক।
শফিকুল আলম বলেন, নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। সেই সময়ে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পর্ক আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন