নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা রাজনৈতিক নৈতিকতার পতনের প্রতিচ্ছবি: নীলা ইসরাফিল
নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনকে ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনাকে জাতীয় রাজনীতির নৈতিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অসহিষ্ণুতা, হিংসা ও প্রতিহিংসা কেবল দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির ফলাফল।
নীলা ইসরাফিল উল্লেখ করেন, সবচেয়ে মর্মান্তিক ছিল একজন নারী সহযাত্রীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা। কয়েকজন সৎ ব্যক্তি আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে আঘাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলেও নারীর প্রতি যে বিশৃঙ্খলা ও অসম্মান প্রদর্শিত হয়েছে, তা সমাজ ও রাজনীতির নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো শান্ত ও ভদ্র নেতাকেও এই নোংরা আক্রমণের শিকার হতে হয়েছে, যা কেবল একজন ব্যক্তিকে নয়, জাতির রাজনৈতিক চেতনাকে আঘাত করেছে। আর ড. মুহাম্মদ ইউনূস—যিনি নোবেল জয়ী হয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন—তিনি সহযাত্রী নারীকে বিশৃঙ্খলার মধ্যে রেখে নিরাপদে চলে গেছেন, যা নেতৃত্বের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
নীলা ইসরাফিলের মতে, বাংলাদেশ থেকে যাত্রার সময় যত প্রচার, ফটোসেশন ও জাঁকজমকপূর্ণ ছবি প্রকাশ করা হয়েছে, বাস্তবে বিপদের মুখোমুখি হলে নেতৃত্ব নিরাপদ পথে সরে গেছে আর কর্মীরা থেকে গেছে বিশৃঙ্খলার কেন্দ্রে। এটাই বাংলাদেশের তথাকথিত নেতৃত্বের প্রকৃত রূপ।
তিনি পোস্টে প্রশ্ন তোলেন—আমরা কি এই সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন ও নারীবিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তি পাব, নাকি নীরব থেকে আগামী প্রজন্মকে আরও বড় অপমানের মুখে ঠেলে দেবো?






আপনার মতামত লিখুন