শেরপুরে পানি কমলেও ক্ষতিগ্রস্তদের জীবনে অন্ধকার
টানা ৪৮ ঘণ্টা বৃষ্টি না হওয়ায় শেরপুরে আকস্মিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নদ-নদীর পানি কমতে শুরু করলেও চারদিকে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নামতে শুরু করে। তবে রাতে ভোগাই নদীর পানি হঠাৎ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নালিতাবাড়ীর কয়েকটি নিচু এলাকায় প্রবেশ করে। মধ্যরাতের পর আবার পানি নেমে গিয়ে বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে মহারশী নদীর প্রবল স্রোতে কয়েকটি বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ১১টি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ডুবে যায় অসংখ্য মাছের ঘের। পানির নিচে তলিয়ে যায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর রোপা আমনের জমি।
বর্তমানে ৮৭২ হেক্টর জমি এখনও পানির নিচে রয়েছে। পাহাড়ি ঢলের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্রিজপাড় ও খৈলকুড়া এলাকায় একটি স্কুলে আশ্রয় নিয়েছে। তারা অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহায়তা মিললেও তা জীবনধারণের জন্য যথেষ্ট নয়।
স্থানীয়রা জানিয়েছেন, ২০২২ সালের পাহাড়ি ঢলে ব্রিজপাড় এলাকায় বাঁধ ভাঙলেও তা সংস্কার করা হয়নি। এবারও একই জায়গায় ভাঙন দেখা দেওয়ায় দ্রুত নতুন বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, জেলায় প্রায় ৯৩ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ হেক্টর জমি পানিতে ডুবে গিয়েছিল। বর্তমানে ৮৭২ হেক্টর জমি নিমজ্জিত রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী ভাঙন ঠেকানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।






আপনার মতামত লিখুন