নির্বাচন গ্রহণযোগ্য করতে জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৬-১৭ বছরে বহু তরুণ প্রাণ হারিয়েছে, লাখো নেতা-কর্মীর নামে মামলা হয়েছে, আবার অনেককে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা বিদেশে বসে নতুন করে ষড়যন্ত্র করছেন, চোরাগুপ্তা হামলার পরিকল্পনা করছেন। তবে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না; সম্মিলিতভাবে প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের ঘোষণা আসলেই দেশে স্বাভাবিক পরিবেশ ফিরবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে আবার ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক এই সংসদ সদস্য জানান, খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা উপেক্ষা করায় আজ তাদের এই পরিণতি হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়।






আপনার মতামত লিখুন