মাভাবিপ্রবিতে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা: চার জনকে আজীবন বহিষ্কার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন ও পাঠদানে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ জনকে অপরাধের গুরুত্ব অনুযায়ী তিন থেকে পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মেয়াদে তাদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ২৭ আগস্ট অনুষ্ঠিত ২৫০তম রিজেন্ট বোর্ড সভায় (৪ নম্বর আলোচ্যসূচি) এই সিদ্ধান্ত অনুমোদন হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ২৪৭তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভায় ১৯ জনকে সাময়িকভাবে বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তী সভায় (২৪৮তম) পুনর্গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে দোষী সাব্যস্ত করা হয়।
আজীবন বহিষ্কৃতরা হলেন—ইএসআরএম বিভাগের মানিক শীল (বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি), অর্থনীতি বিভাগের মো. হুমায়ুন কবির (সাধারণ সম্পাদক), অর্থনীতি বিভাগের শাওন ঘোষ ও পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাদিক ইকবাল।
৫ সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ শান্ত।
চার সেমিস্টারের জন্য বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রসায়ন বিভাগের মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি, গণিত বিভাগের সাখাওয়াত আহমেদ শুভ্র, মো. আব্দুল্লাহ সরকার উৎস, মো. আবিদ হাসান (মারুফ), অর্থনীতি বিভাগের খালেকুজ্জামান নোমান এবং ব্যবস্থাপনা বিভাগের নাহিদ হাসান।
তিন সেমিস্টারের জন্য বহিষ্কৃতরা হলেন অর্থনীতি বিভাগের সুজন মিয়া ও মো. নাঈম রেজা, হিসাববিজ্ঞান বিভাগের জাহিদ হাসান ও মো. রিফাত হোসেন, সিপিএস বিভাগের ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন (অন্তর)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, “তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের অনুমোদনে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”






আপনার মতামত লিখুন