কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফাইনাল ঘিরে সংঘর্ষে আহত ৪০ জন
কক্সবাজারে বহুল প্রত্যাশিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, বেশ কয়েকজন সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দর্শকচাপ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি।
১০ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। বিকেল ৪টার দিকে গ্যালারি উপচে দর্শকরা মাঠে নেমে আসেন এবং স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোতায়েন করা হয়।
তবে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভাঙচুর শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলমকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করেন, আয়োজক কমিটির গাফিলতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা অংশ নেয়।






আপনার মতামত লিখুন