বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ বিএনপি নেতার
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু ও জাকসু) ঘিরে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি এমনকি শিক্ষকরা পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন—যা নির্বাচন নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।
ডা. জাহিদ আরও বলেন, “২০০৯ সালে জনগণ ভোট দিতে পারেনি, ২০১৪-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪-এ হয়েছে ‘আমি-ডামি’ নির্বাচন। মানুষ নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফেরত পেতে চায়। এখনই সময় এমন নির্বাচন আয়োজন করার, যাতে কোনো প্রশ্ন না ওঠে।”
তিনি ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসু নির্বাচনের সময় দায়িত্ব পালনরত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
“বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে স্বৈরাচার পুনর্বাসনের পথ বন্ধ করতে হবে,” উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা বিভাজনের রাজনীতিতে না গিয়ে জনগণের ভাষা বুঝে ঐক্যবদ্ধ হোন। নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ অবস্থান প্রমাণ করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণই ঠিক করবে দেশের ভবিষ্যৎ সংবিধান কেমন হবে। আগামী দিনের সংস্কার ও ৩৬ জুলাইয়ের আদর্শকে ধারণ করে ‘আগামীর বাংলাদেশ’ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।






আপনার মতামত লিখুন