ভিপি পদে সাদিক কায়েমের বড় লিড: শাহাবাগে ‘শিবির শিবির’ স্লোগান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফল ঘোষণা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা পর্যন্ত এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ৭,০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট।
পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই শাহবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক শিক্ষার্থী জমায়েত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিবিরের জমায়েত আরও বড় হয়।
এসময় পুরো শাহবাগ এলাকায় ‘শিবির শিবির’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব ও দাঙ্গা পুলিশ সদস্যদেরও ঢাবির ভিসির বাসার বাইরে কড়া নিরাপত্তায় থাকতে দেখা গেছে।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।






আপনার মতামত লিখুন