“যুদ্ধ শেষ হয়নি, সতর্ক থাকুন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সংগ্রাম শেষ হয়নি। জনগণের প্রত্যাশা পূরণে সতর্ক ও সজাগ থেকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, যেসব রাজনৈতিক দল মনে করছে নির্বাচন বাধাগ্রস্ত করে তারা লাভবান হবে, তারা ভুল করছে। এতে দেশের মানুষ উপকৃত হবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব তাকিয়ে আছে। প্রতিটি গণতান্ত্রিক দেশ চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।
তিনি উল্লেখ করেন, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে—প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ৩০ এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিই এর প্রমাণ। একসময় আওয়ামী লীগের ঘাঁটি ঠাকুরগাঁও এখন বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি। এ পথে প্রায় দুই হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন, ৬০ লাখের বিরুদ্ধে মামলা হয়েছে। ঠাকুরগাঁওয়েই সাড়ে সাত হাজার মানুষের নামে মিথ্যা মামলা রয়েছে এবং ১২ জন শহীদ হয়েছেন।
তিনি বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ও সংসদ গঠন করতে চাই। কিন্তু দেশের শত্রুরা বারবার অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, যেমনটা তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে হত্যার সময় করেছিল।
সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতা বক্তব্য দেন।
দীর্ঘ আট বছর পর আয়োজিত এই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন পয়গাম আলী। সভাপতি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মির্জা ফয়সল আমিনকে আগেই নির্বাচিত ঘোষণা করা হয়।






আপনার মতামত লিখুন