ডাকসু ও হল সংসদ নির্বাচন: ভুয়া আইডি কার্ড শনাক্তে থাকবে তিন স্তরের চেকিং
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া আইডি কার্ড দিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তিন স্তরের যাচাই-বাছাই শেষে কেবল বৈধ ও নিয়মিত শিক্ষার্থীরাই ভোট দিতে পারবেন। নকল আইডি কার্ড ব্যবহারের ঘটনা আগে ঘটলেও এবার তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারও বহন করা নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।






আপনার মতামত লিখুন