সিলেটে বাসায় স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট নগরের লামাবাজার ছায়ানীড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বহুতল ভবনের ৫ম তলার ওই ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবারই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নিহত মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন এবং মা সঞ্চিতা দে’র সঙ্গে লামাবাজারের ওই বাসায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় গেলে মিলি বাসায় একা ছিলেন। রাত ১০টার দিকে ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।






আপনার মতামত লিখুন