বাম সংগঠনের সমালোচনায় শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
বাম সংগঠনগুলোর সমালোচনা করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “তারা ৮ মিনিট কথা বললে অন্তত ৭ মিনিটই শিবিরবিরোধী অভিযোগে ব্যয় করেন।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সম্প্রতি এক বাম নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন—“১০ জন মিলে তারা যতটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, হাজার শিক্ষার্থীও তা পারে না।” তাদের রাজনীতি এখন মূলত অস্থিরতা ও মবক্রেসির মধ্যেই সীমাবদ্ধ। শাহবাগ কিংবা শাপলার মতো ঘটনাকেও তারা ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন।
তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনো শিবিরের পক্ষে সিদ্ধান্ত নেয়নি। বরং আওয়ামী লীগের সহযোগী বাম সংগঠনগুলোই বিভিন্ন সময়ে শিবিরের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারীসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় সংগঠনটি ৩২৮ জন কুরআনে হাফেজকে সংবর্ধনা জানায়।






আপনার মতামত লিখুন