ঢাবি রেজিস্ট্রার ভবন হবে পেপারলেস: প্রতিশ্রুতি ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে ‘পেপারলেস’ করার ঘোষণা দিয়েছেন ডাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।
বুধবার (২৭ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারলে রেজিস্ট্রার ভবনের জটিল প্রক্রিয়া, আমলাতান্ত্রিক বাধা এবং অযথা হয়রানি বন্ধ করে পুরো ভবনকে ডিজিটালাইজড করা হবে।”
তিনি অভিযোগ করেন, ভর্তি থেকে শুরু করে প্রশাসনিক কাজের প্রতিটি ধাপে শিক্ষার্থীদের একাধিকবার আবেদন জমা দিতে হয়। হলে, বিভাগে, অনলাইনে এমনকি ব্যাংকেও আলাদা লেনদেন করতে হয়। সব প্রক্রিয়া শেষ করার পরও রেজিস্ট্রার ভবনে গিয়ে “লাঞ্চের পর আসুন”, “আগামীকাল আসুন” ধরনের সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের।
কায়েম প্রতিশ্রুতি দিয়ে আরও জানান—
শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা অনলাইনে সার্টিফিকেট যাচাই, প্রেরণসহ সকল সেবা দেবে।
রেজিস্ট্রার ভবনে পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি করে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিকাশের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বিশ্বাস করেন, ডিজিটাল রেজিস্ট্রার ভবন হলে শিক্ষার্থীদের সময়, খরচ ও ঝামেলা অনেকাংশে কমে আসবে।






আপনার মতামত লিখুন