ডাকসু সংসদ নির্বাচনে সেনাবাহিনীসহ তিন স্তরের নিরাপত্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিম নিয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, “প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় স্তরে পুলিশ মোতায়েন থাকবে। আর তৃতীয় স্তরে সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবেন। তারা পাঁচ মিনিটের মধ্যে যেকোনো কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন।”
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ভোটের এক সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। বিষয়টি প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আকস্মিক পরিদর্শনও চালানো হবে।
তিনি আরও বলেন, “ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে। বৈধ ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ থাকবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।






আপনার মতামত লিখুন