পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক শুরু
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে সম্পর্ক স্বাভাবিকরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে, ইসলাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ট করার বার্তা দিতে পারেন।
রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।
দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের শুরুর দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ইসহাক দার। শুরুর দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ।






আপনার মতামত লিখুন