পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির
তারেক রহমান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা সাজাচ্ছে। ক্ষমতায় আসলে প্রথম পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন।
নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে যাবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা দিলে গণতন্ত্রের উত্তরণ ঝুঁকির মুখে পড়বে।
তারেক রহমান বলেন, “ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টদের পলায়নের পর ফ্যাসিবাদবিরোধী শক্তি অহেতুক বিতর্কে লিপ্ত হলে শহীদদের আত্মত্যাগের অবমাননা হয়। সংবিধান বা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ থামানো যায় না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই।”






আপনার মতামত লিখুন