ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকভর্তি কোটি টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে মেসার্স জিলানী পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) রহমান খান পাঠান ও এএসআই (নিরস্ত্র) ইমরান আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্ব পালনের সময় সন্দেহভাজন একটি ট্রাক আটক করা হয়। তল্লাশিতে ট্রাক থেকে ১১৬৩ পিস ভারতীয় তৈরি শাড়ি ও ৯ হাজার পিস ‘Skin Sunrise Cream’ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ২৬ হাজার টাকা এবং ক্রিমের মূল্য প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৬ লাখ ৬৬ হাজার টাকা।
এ ঘটনায় ট্রাকচালক মো. ওবায়দুর রহমান (২১) কে আটক করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লারদি হাটি গ্রামের বাসিন্দা। অভিযানে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৩৫৩৬ নম্বর ট্রাকটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্য ও ট্রাক বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তালিকাভুক্ত করা হয়েছে এবং অভিযানের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন