প্রবাসীকে নিয়ে গ্রামে ফেরার পথে একই পরিবারের ৭ জন নিহত
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তারা ওমান প্রবাসীকে নিয়ে এয়ারপোর্ট থেকে গ্রামে ফিরেছিলেন।
নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন।
জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। এমন সময় পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।






আপনার মতামত লিখুন