ঢাবি টিএসসিতে উত্তেজনার মাঝে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনার মাঝে মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে শাখা ছাত্রশিবির।
শিবিরের পক্ষ থেকে জানানো হয়,“ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী প্রোগ্রামে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাস্তবতা তুলে ধরতে আমরা জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।”
এর আগে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি তুলে ধরায় বাম ছাত্রসংগঠনগুলো প্রতিবাদ জানায়। উত্তেজনার মুখে ছবি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টিএসসির ভেতরে অবস্থান নেয় ছাত্রশিবির নেতাকর্মীরা, আর বাইরে অবস্থান নেন বাম সংগঠনের কর্মীরা। দুই পক্ষের অবস্থানে টান টান উত্তেজনা বিরাজ করছে।
তবে শিবির দাবি করেছে,“আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু কিছু মহল সেটা বানচাল করতে চায়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক।”






আপনার মতামত লিখুন