শহীদের কবর জিয়ারত ঘিরে জামায়াত-বিএনপির মধ্যে বাকবিতণ্ডা
প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবর জিয়ারতের সময় জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শিহাবের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের কর্মসূচিতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদের কবরে শ্রদ্ধা জানানোর পর পূর্বনির্ধারিত ইমামের মাধ্যমে দোয়া পরিচালনার ব্যবস্থা করা হয়। তবে হঠাৎ জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান সেখানে উপস্থিত হলে ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম তাকে দোয়া পরিচালনার আহ্বান জানান।
এই ঘটনায় আপত্তি জানান স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত মেম্বার নূর নবী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই পূর্বনির্ধারিত পরিকল্পনায় হস্তক্ষেপ করা হয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক এবং হট্টগোল সৃষ্টি হয়।
পরে জেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
বিএনপি নেতা নূর নবী বলেন, ‘শহীদ শিহাব আমার আত্মীয়। আমি প্রশাসনের অনুরোধে দোয়ার ব্যবস্থা করেছিলাম। হঠাৎ পরিকল্পনা ছাড়াই জামায়াতের জেলা আমিরকে দিয়ে দোয়া করানোর চেষ্টা হয়, যা গ্রহণযোগ্য নয়।’
অন্যদিকে, জামায়াত নেতা মুফতি আবদুল হান্নান বলেন, ‘আমি সেখানে শান্তিপূর্ণভাবে দোয়া করেছি। কেউ বাড়াবাড়ি করলে তা থামিয়ে দিয়েছি।’






আপনার মতামত লিখুন