খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে 

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ওষুধ কোম্পানি কর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ওষুধ কোম্পানি কর্মীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হলো ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪)-এর মরদেহ। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টঙ্গীর বাষ্পট্টি বিলের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। প্রবল স্রোতে মুহূর্তেই তিনি তলিয়ে যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। তবে সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না মেলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

নিহত জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তিনি একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মনি ট্রেডিং’-এ সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়ায়। তিনি ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বড় সড়কের পাশে থাকা ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এতে বর্ষা মৌসুমে প্রবল স্রোত তৈরি হয়, যা খোলা ম্যানহোলকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। এর আগেও এমন প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন “দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বর্ষণের কারণে সেটি সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ পরিচালনা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

 

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন