জুলাই শহীদ ও আহতদের পাশে সেনাবাহিনী, প্রশংসায় সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশের সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রোববার (২৭ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রসঙ্গে কয়েকটি তথ্য তুলে ধরেন, যেগুলো তিনি ‘আনপপুলার’ বা অপ্রচলিত সত্য হিসেবে উল্লেখ করেন।
সারজিস আলম লিখেছেন, “কয়েকটা আনপপুলার তথ্য দেই!” এরপর তিনি সেনাপ্রধানের জুলাই আন্দোলনের আহতদের প্রতি নিবেদন, চিকিৎসাসেবায় সরাসরি সম্পৃক্ততা এবং শহীদ পরিবারদের সহায়তার প্রসঙ্গে তিনটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেন:
১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম কিছু দিন বাদে প্রায় প্রতিটি শনিবার সেনাপ্রধান নিজে সিএমএইচে গিয়ে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গেছেন। এটি উপদেষ্টাসহ অন্য যেকোনো গোষ্ঠীর সম্মিলিত ভিজিট সংখ্যার চেয়েও বেশি বলে দাবি করেন সারজিস।
২. সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ ব্যয়ভার গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকা সিএমএইচে তাদের চিকিৎসার মান ও ব্যয়—দুই দিক থেকেই অগ্রণী ভূমিকা পালন করা হয়েছে।
৩. আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।
সারজিস আলমের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সেনাপ্রধানের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রশংসা করেন।






আপনার মতামত লিখুন