সড়কে মৃত্যুর মিছিল: ফরিদপুরে বাস দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ
আহত অন্তত ১০
ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে, করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের তথ্যমতে, সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং দুই বাসের অন্তত ৮-১০ জন যাত্রী আহত হন। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানোর কাজ শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






আপনার মতামত লিখুন