মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মেহেরপুরের গাংনীর বাসিন্দা রজনী। সন্তানকে রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষের দিকে ছুটে যান তিনি, যদিও তখনই শিশুটি নিরাপদে স্কুল ভবনের বাইরে চলে গিয়েছিল।
রজনী ধারণা করেছিলেন, তার কন্যা শ্রেণিকক্ষে আটকে আছে। তাই আগুনের ভয়াবহতার মধ্যেও তিনি পিছপা হননি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগুনে দগ্ধ হয়ে তিনি মারা যান। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রজনী মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্বামী জহিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং তারা তিন সন্তান নিয়ে রাজধানীতে বসবাস করতেন। জহিরুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে। সেখানেই রজনীর মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।
রজনীর মৃত্যুতে তার পৈত্রিক এলাকা বাওট গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, এক মায়ের এমন আত্মত্যাগ পরিবার থেকে তাকে চিরদিনের জন্য দূরে নিয়ে গেল।






আপনার মতামত লিখুন