চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিতে আহত ১
চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ ও বিক্ষোভ চলছে, ঠিক তখনই রাজধানীর পল্লবীতে একই ধরনের চাঁদাবাজির সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল সশস্ত্র লোক হঠাৎ এসে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পাশাপাশি আতঙ্ক সৃষ্টির জন্য চার রাউন্ড গুলি ছোড়ে। এই গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানা পুলিশ জানায়, হামলা ও গুলির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুরান ঢাকার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ আরও বেড়ে গেছে।






আপনার মতামত লিখুন