রাজশাহীতে এসএসসিতে পাস ৪৫ প্রতিবন্ধী শিক্ষার্থী
প্রতিবন্ধকতা যে সাফল্যের পথে বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিশেষ শিক্ষার্থীরা। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ড থেকে অংশ নিয়েছিল ৫৬ জন শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫ জন পেয়েছে গৌরবময় জিপিএ-৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, অংশগ্রহণকারী ৫৬ শিক্ষার্থীর মধ্যে ১১ জন অকৃতকার্য হয়েছে। তবে বাকিরা বিভিন্ন জিপিএ নিয়ে পাস করেছে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪ বা তার বেশি এবং ১৬ জন জিপিএ ৩ বা তার ওপরে অর্জন করেছে।
ফলাফলে দেখা যায়, এসব শিক্ষার্থীদের মধ্যে কেউ ছিলেন হুইলচেয়ারে বসা শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টিশক্তিহীন, আবার কেউ মানসিক প্রতিবন্ধকতার সঙ্গেও লড়েছেন। তবু তারা থেমে না থেকে শিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে চলেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “এ বছর ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। যদিও কেউ কেউ অকৃতকার্য হয়েছে, তবে বাকিরা বিভিন্ন গ্রেডে সফলতা পেয়েছে। এটাই বড় প্রাপ্তি।”
এই ফলাফল শুধু সাফল্যের নয়, এটি সাহস, অধ্যবসায় এবং অদম্য মানসিকতার এক অনন্য দলিল।






আপনার মতামত লিখুন