মোগাদিশু বিমানবন্দরে আফ্রিকান ইউনিয়নের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
আফ্রিকান ইউনিয়নের ‘সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া’ (AUSSOM)–এর একটি সামরিক হেলিকপ্টার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা।
বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ৮ জন আরোহী ছিলেন। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
হেলিকপ্টারটি বালি ডোগল থেকে উড়ে এসে মোগাদিশুর আদেন আডে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় হেলিকপ্টারে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার ছবি ও ভিডিও, যা শহরের আকাশে ঘন কুন্ডলী পাকানো অবস্থায় দেখা যায়। যদিও এসব ছবি-ভিডিও এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
এই দুর্ঘটনার সময় আফ্রিকান ইউনিয়নের এই মিশনটি জঙ্গি সংগঠন আল-শাবাবের বিরুদ্ধে লড়াই এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিল।
এদিকে আল-শাবাবের সম্প্রতি বেড়ে যাওয়া হামলার প্রেক্ষাপটে হর্ন অব আফ্রিকার দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে এইউএসএসওম মিশন অর্থনৈতিক সংকটেও পড়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরও মোগাদিশু বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।






আপনার মতামত লিখুন