অর্ধবার্ষিক হিসাব সমাপ্তির কারণে
কাল দেশের ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ
সীমিত পরিসরে খোলা থাকবে প্রধান কার্যালয়
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) সারাদেশে পালিত হবে ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহকসেবা ও লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর শেয়ার লেনদেন কার্যক্রম।
তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্ধারিত গুরুত্বপূর্ণ শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় শুধুমাত্র প্রশাসনিক এবং হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বরকে ব্যাংক হলিডে হিসেবে নির্ধারণ করা হয়। ১ জুলাই পালন করা হয় অর্ধবার্ষিক সমাপনী হিসাবের দিন হিসেবে, যেখানে ব্যাংকের প্রতিটি শাখা থেকে আর্থিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে হিসাব চূড়ান্ত করা হয়।
এই দিনে ব্যাংক কর্মকর্তারা গ্রাহকসেবার পরিবর্তে অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, অডিট এবং অর্ধবার্ষিক রিপোর্ট তৈরির কাজে নিয়োজিত থাকেন। ফলে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকে।
ব্যাংক বন্ধ থাকার কারণে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। কারণ ব্যাংক লেনদেনের ওপর পুঁজিবাজারের বড় ধরনের নির্ভরতা রয়েছে। তবে এটিএম, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মতো স্বয়ংক্রিয় সেবাগুলো চালু থাকবে।






আপনার মতামত লিখুন