বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের সরকারি খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ শনিবার (১৪ জুন) এই অর্থায়নের অনুমোদন দেয়।
‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ)’ প্রকল্পের আওতায় রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক তদারকিসহ কয়েকটি খাত ডিজিটাল পদ্ধতিতে আধুনিকায়ন করা হবে।
এই প্রকল্পে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা একত্রে কাজ করবে। প্রতিষ্ঠানগুলো হলো:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
- পরিকল্পনা বিভাগ
- সরকারি ক্রয় কর্তৃপক্ষ (সিপিপি)
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)
বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই প্রকল্পের মূল চালিকা শক্তি। এটি শুধু স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে না, দুর্নীতিও হ্রাস করবে।”
তিনি আরও বলেন, “এই প্রকল্প জনগণের কাছে সরকারি সেবা সহজলভ্য করবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।”
বিশ্বব্যাংক আরও জানিয়েছে, এই প্রকল্প ছাড়াও বাংলাদেশ সরকারের সঙ্গে একটি উন্নয়ন নীতিনির্ধারণী ঋণ (Development Policy Loan) নিয়ে আলোচনা চলছে। এটি জুন মাসের শেষ নাগাদ পর্ষদের সামনে তোলা হবে। নতুন ঋণটি ব্যাংক খাত, তথ্য ব্যবস্থাপনা, সামাজিক সেবা, নিরীক্ষা ও জবাবদিহিতা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রকল্পের টিম লিডার ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুলেমানে কুলিবালি বলেন, “এই পাঁচটি প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার ফলে সরকারের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, “এসআইটিএ প্রকল্প এবং প্রস্তাবিত উন্নয়ন ঋণ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিশ্বব্যাংক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান ও সহজ শর্তে ঋণ দিয়েছে।
সূত্র: বাসস






আপনার মতামত লিখুন