ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৩ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন। এতে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শান্তির ওপর হুমকি তৈরি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ এ ধরনের সহিংসতা ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানায়। পাশাপাশি উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি বিস্তৃত সামরিক অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং কিছু আবাসিক ভবন।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি’র প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এছাড়া প্রাণ হারিয়েছেন ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী, যাদের মধ্যে রয়েছেন ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। অপর একজন বিজ্ঞানীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, “ইহুদিবাদী শাসকগোষ্ঠী আমাদের ভূখণ্ডে সন্ত্রাস চালিয়ে তাদের বর্বর চরিত্র প্রকাশ করেছে। এই হামলার জন্য তাদের চরম মূল্য দিতে হবে।”
তিনি আরও বলেন, “এই হামলা ইসরায়েলের জন্য চরম দুঃখজনক ও যন্ত্রণাময় পরিণতি বয়ে আনবে। আমাদের জবাব হবে দৃঢ়, কঠিন এবং অবধারিত।”






আপনার মতামত লিখুন