বেড়াতে গিয়ে নদীতে ডুবে বোনের মৃত্যু, ভাই নিখোঁজ
ঠাকুরগাঁওয়ে ঈদে বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক দুর্ঘটনা, বোনের মরদেহ উদ্ধার, ভাই নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে সাদিয়া (১১) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। একইসাথে নিখোঁজ রয়েছে তার ছোট ভাই সাদ্দাম (৬)।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকহাড়ি গ্রামে নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ শিশু রংপুর সদর উপজেলার জলচকর গ্রামের আমিনুল ইসলামের সন্তান।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে তারা নানা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কয়েকজন শিশু একসাথে নাগর নদীতে গোসলে যায়। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়ার সময় দুই ভাইবোনই নিখোঁজ হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো সাদ্দামের সন্ধান মেলেনি।”
তিনি আরও জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযান চলছে।
এ দুর্ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।






আপনার মতামত লিখুন