কমলাপুরে এখনো ভিড় কম, শুক্রবার থেকে বাড়তে পারে চাপ
ঈদুল আজহার ছুটি শেষ হতে এখনও দুদিন বাকি। তবে অনেকেই আগেভাগে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে যাত্রীদের তুলনামূলকভাবে কম ভিড় দেখা গেছে। ঈদ-পরবর্তী ট্রেনযাত্রা এখনো পর্যন্ত স্বস্তিদায়ক বলেই জানাচ্ছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ঈদ ফেরত যাত্রীদের মধ্যে ভোগান্তির তেমন কোনো চিত্র নেই। প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকায় এসে পৌঁছাচ্ছে। যাত্রীরাও সময়মতো ট্রেনে ওঠা-নামা করতে পারছেন। কারো কাছ থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় বা আসন সংকটের অভিযোগ পাওয়া যায়নি।
যাত্রীদের একজন রিফাত খান বলেন, “জামালপুর থেকে এসেছি, কোনো কষ্ট হয়নি। ট্রেন ঠিকমতো এসেছে। স্ত্রী-সন্তান নিয়ে ভালোভাবেই ফিরলাম ঢাকায়।”
তবে গরমের কারণে নারী ও শিশুদের কিছুটা কষ্ট করতে দেখা গেছে। অনেকেই মাথায় পানি ঢেলে গরম সহ্য করার চেষ্টা করছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত চাপ কম হলেও শুক্র ও শনিবার ঈদের ছুটির শেষ সময়ে যাত্রীদের ব্যাপক চাপ পড়তে পারে। কর্মস্থলে ফেরার শেষ সময় হওয়ায় ওই দুইদিন স্টেশনে বাড়তি ভিড় সামাল দিতে বাড়ানো হতে পারে স্টাফ এবং নিরাপত্তা ব্যবস্থা।
কমলাপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “চাপ এখন সহনীয়। তবে আমরা প্রস্তুত আছি শুক্রবার ও শনিবার বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে।”
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী স্টেশনে এবং ট্রেনের ভেতরে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাস্তবে অধিকাংশ যাত্রীকে মাস্কবিহীনই দেখা গেছে। এ বিষয়ে তেমন কোনো নজরদারিও দেখা যায়নি স্টেশনে।
রেলওয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্দেশনা আছে, কিন্তু মানুষ মানে না। আমরাও কাকে কাকে বলব?”
এদিকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় আজও অনেকে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার বাইরে যাচ্ছেন। ফলে একদিকে যখন ফিরতি যাত্রার ঢল শুরু, অন্যদিকে এখনো ঢাকাছাড়া মানুষের উপস্থিতিও দেখা যাচ্ছে স্টেশনে।
বর্তমানে কমলাপুর রেলস্টেশনে ঈদ-পরবর্তী যাত্রা বেশ স্বস্তিদায়ক হলেও সামনের দুদিনে চাপ বাড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের। সময়মতো ট্রেন চলা এবং যাত্রীদের সহনীয় পরিবেশে ফেরার সুযোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতা বাড়ানো দরকার বলেই মত পর্যবেক্ষকদের।






আপনার মতামত লিখুন