একযোগে ২৫২ বিচারকের বদলি, ১৩ জনের পদোন্নতি
সারাদেশে ২৫২ বিচারককে একযোগে বদলি
সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে একযোগে বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগ থেকে পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামীকাল (৩ জুন) বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থেই এই আদেশ জারি করা হয়েছে।
বদলির তালিকায় রয়েছেন—
-
✔️৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারক,
-
✔️৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ,
-
✔️২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং
-
✔️১৬২ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে তাদের নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এদের সবাইকে তৃতীয় গ্রেডের বেতন স্কেল (৫৪৩৭০–৭৪৪৬০ টাকা) অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তিনি ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।
সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মনোনীত কর্মকর্তার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন