“নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা হোক” — নাহিদ ইসলাম
‘জুলাই সনদের’ আগে নির্বাচন দিলে সংস্কার ব্যাহত হতে পারে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের আগেই যেন জুলাই সনদ রচিত হয়, কারণ দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশ ও নতুন শাসন কাঠামোর রূপরেখা দেখতে চায়।
সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ রচনার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তাহলে চলমান সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই, আগামী দুই মাসের মধ্যে একটি ঐকমত্যভিত্তিক সনদ প্রস্তুত হোক, এরপরই হোক নির্বাচনের ঘোষণা।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের এক বছর। আমরা সেটি উদযাপন করতে চাই একটি বাস্তবসম্মত রূপরেখা দিয়ে। আমরা ১৬ বছর অপেক্ষা করেছি, এখন আরেকটু সময় দিয়ে ঐক্য ও সংস্কারের পথ তৈরি করা হোক।”
নির্বাচন পদ্ধতি ও কমিশন সংস্কারের বিষয়ে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে পদক্ষেপ দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন পুনর্গঠন, কমিশন আইন সংস্কার, এবং স্বচ্ছ নির্বাচনের পথ তৈরির জন্য আমরা দ্রুত পদক্ষেপ চাই।”
মতপার্থক্য নিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থে ছাড় দেওয়া সম্ভব, কিন্তু দলীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দেশের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ পথেই এগোতে হবে।”
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, এবি পার্টি ও নাগরিক ঐক্যের নেতারা অংশ নেন। এছাড়াও ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রথম দফার আলোচনায় ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি বৈঠক অনুষ্ঠিত হয়, যা ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলে।






আপনার মতামত লিখুন