৬ষ্ঠ দিনের মতো নগর ভবনে তালা, গুলিস্তানে যান চলাচল বন্ধ
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা।
সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন। নগর ভবনের সামনে অবস্থান নেওয়ায় গুলিস্তান সংলগ্ন সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
সরেজমিন দেখা গেছে, নগর ভবন ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না — যা তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ‘হস্তক্ষেপ’ বলেই মনে করছেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, যতক্ষণ না ইশরাককে মেয়রের পদে শপথ পড়ানো হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা দেন। নির্বাচন কমিশন ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে আবেদন করলেও মতামত ছাড়াই ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
এর পরদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন ১৩ মে জানায়, এই রায়ের বিরুদ্ধে তারা আর আপিল করবে না।
এই অবস্থায় আন্দোলনকারীদের দাবি— আদালতের রায় ও গেজেটের ভিত্তিতে ইশরাক হোসেনকে শিগগিরই মেয়রের দায়িত্বে অভিষিক্ত করতে হবে।






আপনার মতামত লিখুন