ইসরোর
ব্যর্থ ভারতের ইসরোর নতুন মহাকাশ অভিযান
ইসরোর নতুন স্যাটেলাইট মিশন আংশিক ব্যর্থ, মহাকাশেই ধ্বংস রকেট
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন মাঝপথে যান্ত্রিক সমস্যার কারণে ব্যর্থ হয়েছে। রোববার (১৮ মে) সকালে পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে ইওএস-০৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে তৃতীয় ধাপে পৌঁছানোর পর একটি নির্দিষ্ট মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে মিশনটি বন্ধ করে দিতে বাধ্য হন ইসরোর প্রকৌশলীরা।
ইসরোর প্রধান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারে এই প্রযুক্তিগত সমস্যার কথা স্বীকার করেন এবং বলেন, “আমরা দ্বিতীয় ধাপ পর্যন্ত সফলভাবে এগিয়েছিলাম, কিন্তু তৃতীয় ধাপে ব্যতিক্রমী একটি প্রযুক্তিগত বিষয় শনাক্ত হওয়ায় মিশন বন্ধ করতে হয়েছে।”
ইসরোর বিবৃতিতে জানানো হয়, ১,৬৯৬ কেজি ওজনের ইওএস-০৯ উপগ্রহটি ৫২৪ কিলোমিটার উচ্চতার সান-সিংক্রোনাস কক্ষপথে স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু তৃতীয় ধাপে মোটর চলাকালীন ২০৩ সেকেন্ডের মাথায় সমস্যা দেখা দেয়।
মিশনের নিরাপত্তা বিবেচনায় রকেটটি মহাকাশেই নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করে দেওয়া হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, রকেটের ধ্বংসাবশেষ যেন পৃথিবীতে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০১৭ সাল থেকে পিএসএলভি রকেট দিয়ে ৬৩টি মিশন পরিচালনা করেছে ইসরো। এর মধ্যে এটিসহ তিনটি আংশিক বা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মিশন ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।






আপনার মতামত লিখুন