যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার ঘোষণা প্রহসনঃ হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাস হলো সরকারের ‘প্রহসন’। তিনি বলেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন।
এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।”
এর আগে একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র হান্নান মাসুদ। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, “বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না।” অন্যদিকে, হান্নান মাসুদ বলেন, “বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর দেশকে বাঁচাতে আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।”






আপনার মতামত লিখুন