শিগগিরই বাংলাদেশে ফিরবেন হাসিনা?
ইউনূস-মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ: মোদির প্রতিক্রিয়া 'নেতিবাচক নয়' দাবি প্রেসসচিবের

ছবি: সংগৃহীত
ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া ছিল “নেতিবাচক নয়”—এমনটাই দাবি করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে প্রেসসচিব উল্লেখ করেন, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত BIMSTEC সম্মেলনের ফাঁকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এটাই ছিল ইউনূস-মোদির মধ্যে প্রথম সরাসরি বৈঠক।
প্রেস সচিবের ভাষ্যমতে, ওই বৈঠকে ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুললে মোদি কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। বরং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মোদির দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত ইতিবাচক। মোদি বলেন, “ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে নয়।”
প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন—“প্রধানমন্ত্রী মোদি অধ্যাপক ড. ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার সামাজিক উদ্যোগ ও শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। মোদি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে ইউনূসের প্রতি যে অবমাননাকর আচরণ করা হয়েছে, সেটির প্রতি ভারতের অনুশোচনা রয়েছে। একইসঙ্গে তিনি জানান, ভারতের পক্ষ থেকে সবসময় ইউনূসকে সম্মান দেখানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা সেই শতাব্দীর বিচার প্রত্যক্ষ করব।”
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মহলেও বিতর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
আলোচ্য বৈঠকের মাধ্যমেই ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন এক মোড় নিতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন