বনানীতে মদ্যপ চালকের হাতে নিরাপত্তা কর্মী খুন

ছবি :মেহেদি মালেক সজীব
যখন সমগ্র ঢাকাবাসী চাঁনরাতের উৎসব উদযাপন করছিল, তখন বনানীর ১২ নম্বর সড়কে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান দিন মোহাম্মদ (৫০), যিনি MAX Secure Limited-এ নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
MAX Secure Limited-এর কর্মকর্তা মোক্তাদির আল নাহিদ নিশ্চিত করেন, রাত ৮টায় দিন মোহাম্মদ তাঁর নির্ধারিত শিফট শুরু করেন। তবে রাত ১১:৩০ মিনিটে, একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৮-৬৫৩১) তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গাড়িচালক ও মালিকের পরিচয়
সোশ্যাল মিডিয়ায় ঘটনার পোস্ট যাচাই করে জানা যায়, উক্ত গাড়ির মালিক মারিয়া বিনতে মুজিব, এবং চালকের আসনে ছিলেন তার স্বামী মেহেদি মালেক সজীব, যিনি সাবেক স্পিকার মালেক উকিলের দৌহিত্র। ঘটনার রাতে গুলশান ক্লাবে চাঁনরাত উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন সজীব। কোনো কারণে সেখানে ঝামেলা হওয়ায় তিনি ক্ষুব্ধ অবস্থায় বেরিয়ে যান এবং বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটান।

ঘটনার পর কী ঘটল?
প্রত্যক্ষদর্শীরা জানান, সজীব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পথচারীরা দিন মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে National Institute of Neurosciences & Hospital-এ স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশ্চর্যের বিষয় হলো, ঘটনার পরদিনই মেহেদি মালেক সজীব গুলশান ক্লাবে সুইমিং পুলে গিয়ে কিছু ব্যক্তির কাছে স্বীকার করেন যে দুর্ঘটনাটি ঘটিয়েছেন। তবে উপস্থিত কয়েকজন তাকে পরামর্শ দেন গাড়িটি লুকিয়ে রাখতে এবং কয়েকদিন ঘর থেকে বের না হতে।
সজীবের প্রতিক্রিয়া ও পরিবারের নীরবতা
সজীবের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হলে, তিনি প্রথমে বিষয়টি নিয়ে দ্বিধায় পড়েন। পরে বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছিল, তবে আমি নিশ্চিত নই ভিকটিমের কী হয়েছে।” তিনি দাবি করেন, দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমেছিলেন। কিন্তু পরবর্তীতে তাকে জানানো হয়, ওই ব্যক্তি মারা গেছেন এবং তিনিই গাড়িচাপা দিয়েছেন। তাকে পরামর্শ দেওয়া হয় নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। তবে এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আইনি ব্যবস্থা ও গড়িমসি
MAX Secure Limited-এর চেয়ারম্যান বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দিন মোহাম্মদের পরিবার আর্থিক অস্বচ্ছলতার কারণে মামলা করতে অনিচ্ছুক। তবে তাদের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কিন্তু আরও আশ্চর্যজনক বিষয় হলো, এজাহার দায়ের করা হয়েছে বলে আগে দাবি করলেও পরে জানা যায়, বায়েজিদ এখনো তা করেননি। ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তারা এখনো এজাহার করেননি। এতে স্পষ্ট হয় যে, তিনি পূর্বে অসত্য তথ্য দিয়েছিলেন। ফলে প্রশ্ন থেকে যায়, তার প্রতিষ্ঠানের একজন কর্মী কর্তব্যরত অবস্থায় মারা গেলেও কেন এখনো এজাহার দায়ের করা হয়নি? এ কি নিছক অবহেলা, নাকি প্রভাবশালী মহলের চাপ?
ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জনসাধারণ
দিন মোহাম্মদের মৃত্যুর পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
এখন প্রশ্ন উঠেছে, একজন নিরাপত্তা কর্মীর জীবন এতোই মূল্যহীন যে, ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও আগ্রহী নয়?
প্রভাবশালী পরিবারের সন্তান মেহেদি মালেক সজীব কি পার পেয়ে যাবেন? নাকি এবার বিচার হবে? প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র :জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্ট
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন