“চাঁদার দাবিতে রক্ত ঈদ”
চাঁদার জন্য নৃশংস খুন: দুই ভাই নিহত, পুলিশের গণপিটুনির দাবি বিতর্কিত

ছবি : প্রতীকী
নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন সাকিব মিয়া (২০) ও তার বড় ভাই রাকিব মিয়া। তাদের মা-বাবা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছে, যা এলাকাবাসীর মধ্যে চরম বিতর্কের সৃষ্টি করেছে।
সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাকিব ও রাকিবের পরিবারের কাছে একদল দুর্বৃত্ত চাঁদা দাবি করে আসছিল। তাদের পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঈদের দিন সাকিব ও তার বন্ধুরা ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়।
সংবাদ পেয়ে রাকিব, তার মা-বাবা এবং পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাকিব ও রাকিবকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। রাকিবকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত দুই ভাইকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “চোর সন্দেহে পলাশের বাঘদি গ্রামের লোকজন সকালে একজনকে গণপিটুনি দিয়েছে। পরে রাতে আরও কয়েকজনকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”
তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা পুলিশের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। নিহতদের চাচি হাজেরা বেগম বলেন, “এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় ঈদের দিন পরিকল্পিতভাবে সাকিব ও রাকিবকে হত্যা করা হয়েছে। পুলিশ সত্য আড়াল করতে ঘটনাকে গণপিটুনি বলে চালিয়ে দিচ্ছে। আমরা এই হত্যার বিচার চাই।”
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো হত্যাকাণ্ডকে গণপিটুনি বলে চালিয়ে দিতে পারে না। এ ধরনের অপরাধের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও নৃশংস হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার জানিয়েছেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে দেশে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একদিকে দুর্বৃত্তদের অব্যাহত চাঁদাবাজি, অন্যদিকে পুলিশের দায়িত্বহীন বক্তব্য—সবমিলিয়ে সাকিব ও রাকিব হত্যাকাণ্ড বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি অন্ধকার অধ্যায় হয়ে থাকল।
পরিবারের দাবি, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন