গাজা যুদ্ধবিরতি: হামাসের সম্মতি, ইসরায়েলের অনিশ্চয়তা

দীর্ঘদিন ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে প্রাপ্ত সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। শনিবার এক টেলিভিশন ভাষণে হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া এ ঘোষণা দেন। তবে, ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কি না, তা এখনও অনিশ্চিত।
হামাসের ইতিবাচক সাড়া
হামাস নেতা খলিল আল-হায়া বলেন, “দুই দিন আগে আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। আমরা এটিকে ভালোভাবে পর্যালোচনা করেছি এবং মেনে নিয়েছি। আশা করছি, ইসরায়েল এতে বাধা হয়ে দাঁড়াবে না।”
প্রস্তাবের বিস্তারিত প্রকাশ না করলেও, রয়টার্সের একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিরতি পরিকল্পনায় প্রতি সপ্তাহে পাঁচজন জিম্মি মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়েছে। বিনিময়ে হামাসের দাবি, ইসরায়েলকে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।
ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো অজানা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে মধ্যস্থতাকারীদের কাছে একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর ১৯ জানুয়ারি প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সময় হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরায়েল কয়েকশ’ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। তবে, দ্বিতীয় ধাপের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। হামাস চায়, দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া হোক, আর ইসরায়েল চায় প্রথম ধাপের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়াতে।
হামাসের অস্ত্র ত্যাগের প্রশ্নে ‘রেড লাইন’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, যুদ্ধের পর গাজায় হামাসের কোনো ভূমিকা থাকা চলবে না এবং তারা নিরস্ত্র হতে হবে। তবে হামাসের শীর্ষ নেতা হায়া শনিবার স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের অস্ত্রাগার যে কোনো আলোচনার ক্ষেত্রে ‘রেড লাইন’, যতক্ষণ ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, আমরা নিরস্ত্র হব না।”
গাজায় তাণ্ডব অব্যাহত
ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তেল আবিব দাবি করছে, হামাসের বিরুদ্ধে চাপ বাড়াতেই তারা গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই হামলায় হামাস প্রায় ১,২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এরপরই ইসরায়েল গাজায় সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে।
বর্তমানে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। হামাসের ইতিবাচক সাড়া সত্ত্বেও ইসরায়েল কী সিদ্ধান্ত নেয়, সেটির ওপর নির্ভর করছে গাজার যুদ্ধের পরবর্তী ধাপ।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন