আঞ্চলিক সম্পর্কের নতুন দিগন্ত
বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত
আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এই বৈঠক আয়োজনের জন্য ঢাকা ইতোমধ্যে দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেছে। তিনি বলেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।”
এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের বিমসটেক সম্মেলনে এই বৈঠক অনুষ্ঠিত হলে, এটি হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
উল্লেখ্য, বিমসটেকের এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন এবং সম্মেলন শেষে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে।
এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে আঞ্চলিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন