গরমে আরাম পেতে ঘুরে আসুন সিলেট

চরম গরমে পরম শীতলের নেশায় মাথার মধ্যে ভুত চাপতেই জনৈক হট বাইকারকে ডাকলাম। কিন্তু সে নানান কাজের ঝামেলায় নেতিয়ে পড়েছে। এদিকে আমার ভ্রমণ নেশা পুরাই তুঙ্গে। কি করি – কি করি ভাবতে ভাবতেই আরেক পাগলা বাইকার কাস্মিরী বশীরকে কল করি। সে আমার কল পেয়ে পুরাই চোটপাট। এ যেনো পাগলাকে ঢোলের আওয়াজে ক্ষেপিয়ে তোলা।
ঠিকঠিকই বাইকের ফগলাইট ছাড়াই পাগলু ভোর পাঁচটায় এসে হাজির। ওর বাইকেই দুজন ছুটলাম। কিন্তু যাবোটা কোথায়! কারণ মাথায়তো থাকে অনেক জায়গাই। কিছুক্ষণ শহরে চক্কর দেয়ার পরে,পথেই নির্ধারণ করে বললাম চলো যাই সিলেটের রাংপানি। ছুটলাম বারো আউলিয়ার দেশ পূণ্যভূমি সিলেট। যেতে যেতে হবিগঞ্জের শাহজিবাজার ব্রেক।

জবিয়ান দোস্ত টনিকে দিলাম রিং। ব্যাস ওমনি ওর বাসায় দুুপুরের রিজিক মিলে গেলো। দীবা ভাবীর হাতের সুস¦াদু রান্না করা খাবার খেয়েই আবার ছুটলাম। সিলেট শহরে পৌঁছলাম বিকালে। আমাদেরকে রাংপানি ঘুরিয়ে দেখানোর জন্য সেখানকার লোকাল কাউকে জোগাড় করতে পারলাম না। জায়গাটা এখনো সেরকমভাবে পরিচিতি পায়নি। তাই ভর সন্ধ্যায় ওদিকটাতে না গিয়ে ছুটলাম ভোলাগঞ্জ। আহ কি মাখন রাস্তা। আগে গাড়িতে বসে বুঝার উপায় ছিলো না যে,সামনে রাস্তা নাকি খাল। যেতে যেতে সন্ধ্যার আলো বিলীন হয়ে অন্ধকার গ্রাস করল। রাত প্রায় সাড়ে সাতটায় ভোলাগঞ্জের দয়ারবাজার পৌাঁছাই।
আমাদেরকে বরণ করে নেন বাইকার হাফিজ। তার গড়া ক্যাম্পসাইটে উঠে সাফসুতর হয়েই বের হয়ে যাই। ধীর প’য়ে বাজারটা ঘুরে ঘুরে দেখি। এরপর চলে যাই ধলাই নদীর পারে। মাদুর বিছিয়ে শান্ত ধলাইর তীরে বসে রই। সীমান্তের ওপারে পাহাড় চূড়ায় ভারতীয়দের বাড়িঘরে বিদ্যুতের আলোর ঝলকানি বেশ নজর কাড়ে। এদিকে আমাদের দেশের সৌখিন মৎস্য শিকারীরা অন্ধকারে টর্চের আলোয় টেটার সাহায্যে মাছ শিকারে ব্যস্ত। সব মিলিয়ে দারুণ একটা সময় পার করে চলে যাই ঘুমাতে। ক্যাম্পিং সাইটটা ছিলো দারুণ। সকালে ঘুম থেকে জাগার পরেই প্রথম চোখ পড়ে সীমান্তে দন্ডায়মান দাঁিড়য়ে থাকা সবুজে ঘেরা পাহাড়ে। সত্যিই অসাধারণ অনুভূতি।

চটজলদি সাফসুতর হয়ে বাইকে করে ছুটে চলি সাদাপাথর। কি ব্যাপার সুপ্রিয় পাঠক, নৌকার বদলে বাইকের কথা শুনে ভ্রæ কুচকে গেলো নাকি? হ্যাঁ এবার আমরা তেমনটাই করেছি। উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মেঠোপথ ধরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই জিরোপয়েন্টের নয়নাভিরাম সাদাপাথর। এপাশটার সৌন্দর্য যেনো আরো অপরূপ আরো বেশি মহোনিয় প্রকৃতি দিয়ে ঘেরা। এর আগেও বেশ কয়েকবার আসছি সাদাপাথর। হয়ত আগামিতেও আসব। প্রতিবারই প্রকৃতির ভিন্নভিন্ন নানান সৌন্দর্যে চোখ জুড়াবে।
যাই এবার ধলাইর বুকে একটু ডুব দিয়ে আসি। টলটলে স্বচ্ছ পানিতে একটু ডুব দিতে চাইলেই কি আর একটুতে মন ভরে। কখনোই না। ইচ্ছেমত ডুবাতে থাকলাম। এখানেই গরমে আরাম। পানির কয়েক ফুট তলদেশে থাকা সাদা পাথর গুলোও স্পষ্ট দৃশ্যমান। সেইরকম ভালোলাগার অনুভূতি। ভিন্ন পথে আসায় এখানটাতে মানুষের কোলাহলও কম। নৈঃশব্দের মাঝে প্রকৃতির নিজস্ব আওয়াজ শুনা যায়। যে আওয়াজের ভালোলাগা শুধুমাত্র নিজের কাছেই সংরক্ষণ থাকে। অনেকতো হলো এবার উঠি। ভেজা কাপড় বদলিয়ে ছুটলাম সিলেট শহরের পথে। মাঝে ব্রেক কষে বিমানবন্দর সড়ক লাগোয়া লাক্কাতুরা চা বাগানের ধারে চলল ফটো সেশন। আমি বারবার দেখি/যতোবারই দেখি/প্রকৃতি দেখার স্বাদ মিটে না। শহরে পৌঁছে নামকরা এক রেস্টুরেন্টে খেতে খেতে ভাবলাম এলাম রাংপানি দেখতে,আর তা না দেখেই চলে যাব ঢাকা। কি করি কি করি এমনটা চিন্তা করতে করতে আহারের পর ডেজার্ট হিসেবে সুস্বাদু ক্ষীর মুখে দিতেই বনলতা’র কথা মনে পড়ে গেলো।
দিলাম ফোন ফিচার লেখক ও আবৃত্তিকর দাদা সুমন্ত গুপ্তকে। কথা বলতেই পেয়ে গেলাম রাত্রিযাপনের জন্য তার গড়া কটেজে একখান রুম। আর ওমনি কিছুক্ষণ আগেই ছেড়ে আসা প্রায় ১৬ কিলোমিটার উল্টো পথে মানে আবারো এয়ারপোর্ট রোডেই ছুটলাম রামনগর। যেতে যেতে রাতারগুল সড়ক দিয়ে ভর সন্ধ্যায় পৌঁছি রামনগর বাজার। মাগরিব আদায় করে কিঞ্চিৎ দূরত্বে সাহেববাজার গ্রামে অবস্থিত বনলতা প্রাকৃতিক আলোয় নামক কটেজে গিয়ে উঠি। ওয়াও! দেখেই বেশ ভালো লেগে গেলো। উঁচু উঁচু টিলার উপর কাঠ,বাঁশ ও মুলি বাঁশের বেড়া দিয়ে তৈরী করা হয়েছে রুম। কোন কোনটা আবার মাটির তৈরী। প্রতিটা রুমেরই ভিন্নভিন্ন নাম রয়েছে। আমাদের থাকার জায়গা হলো সবচেয়ে বেশি উঁচ্চতায় থাকা অরণি’তে। ঝিঁঝি পোকার আওয়াজ,খেক শিয়ালের হাকডাক আর মিটিমিটি বৈদ্যুতিক আলোয় কটেজের উঠানে পেতে রাখা দোলনায় দোল খেতে খেতে ফিরে গিয়েছিলাম শৈশবে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত বাড়তে থাকলে চোখের পাতায় ঘুম হামলে পড়ে। যাই এবার খেয়েদেয়ে ঘুমের ঘরে সাঁতার দিই। লম্বা একটা ঘুম দেয়ার পরে সাতসকালে যখন ঘরের বাহির হই, তখন অন্যরকম এক সকাল আবিষ্কার করি। বনলতার পুরোটা হেঁটে বেড়াই। প্রাকৃতিক ও কৃত্তিমতা এই দুইয়ের মিশেলে বনলতার সৌন্দর্যে ফুটে উঠেছে ভিন্নতা। সত্যিই একজন সৃজনশীল লেখক যখন কোন কটেজের প্রতিষ্ঠাতা হন,তখন তার পর্যটকবান্ধব উর্বর মানসিকতা সেখানটায় ফুটে উঠে। চোখেমুখে একরাশ মুগ্ধতা নিয়ে কটেজ ছাড়ি।
যাই এবার রাংপানি। দরকার নাই স্থানীয় কারো সহযোগিতা। সড়ক একটাই জাফলংমুখি। যেতে যেতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সদরে ব্রেক। কতবার এসেছি এই পথে। অথচ সড়কের মাঝে এখনো টিকে থাকা জৈন্তিয়ার রাজা দ্বিতীয় রাম সিংহের আমলে তৈরী ঢুপি মঠটি,গাড়ি থামিয়ে কখনো ভালো করে পরখ করা হয়নি। সড়ক উঁচু হতে হতে ইট,কাঠ ও সুরকির তৈরী মঠটি বর্তমানে সড়কের অনেক নীচে পড়ে গেছে। ১৭৯৮ সালে ঢুপি পাহাড়ের চুড়ায় নির্মীত এর স্থাপত্যশৈলী বেশ নান্দনিক। প্রতœতত্ববিদদের প্রতি অনুরোধ ঢুপি মঠটি সংরক্ষণের প্রতি এখনি জোরাল ভূমিকা রাখা। নয়তো ঢুপি পাহাড়ের মত একসময় ইতিহাসের সাক্ষি মঠটিও হারিয়ে যাবে। এবার চা’য়ের কাপে চুমুক দিতে দিতে প্রাকৃতিক গ্যাসের শহরে তৈলের বাইকটা স্টার্ট দিন।
ভ্রসণ পাগলু পাঠক চলুন এবার আগানো যাক। সামনে পাহাড়, ডানে পাহাড়, বামে পাহাড়, পেছনে ধাবমান যন্ত্রদানব। ঠিক অনেকটা এরকম পথেই শ্রীপুরের গিয়ে হাজির। স্থানীয় এক মসজিদে জুম্মা আদায় করে চা বাগানের ভিতর দিয়ে কিছুটা পথ গিয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠিদের বসতি মোকামপুঞ্জী পৌঁছি। তারা গ্রামকে পুঞ্জি বলে থাকে। এবার বাইক রেখে পা’য়ে হাঁটা। সারিসারি সুপারি বাগান আর উঁচু নীচু পথে প্রায় আধঘন্টা হাঁটার পরেই চোখে পড়ে রাংপানি নদী। চোখের দৃষ্টি আরেকটু প্রসারিত হতেই নজরে পড়ে ভারতীয় সীমান্ত প্রহরি। আমরা আমাদের সীমানা ধরেই এগুতে থাকি। এরপরেই চোখ আটকালো বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডারে। পাথর আর পাথর। ছোট বড় হাজার লক্ষ কোটি পাথর। এ যে পাথরেরই খনি। না জানার কারণে এখনো গণহারে পর্যটকদের পদচারণা শুরু হয়নি। তবে গুণি চিত্র পরিচালক প্রয়াত এহতেশাম ঠিকই প্রায় একত্রিশ বছর পূর্বেই তার চাদনী ছবির স্যুটিং করে এসছিলেন। মেঘালয়ের উঁচু পাহাড়ের খাদে থাকা অসাধারণ সৌন্দর্যে ঘেরা আমাদের রাংপানি। পর্যটকরা এর নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হবেই। দেÑছুট ভ্রমণ সংঘর দামালরাও এর ব্যতিক্রম নয়। তাই ভর সন্ধ্যায়ও ভয় ডরহীনভাবে রাংপনির পাথুরে জলে ডুবাতে পিছু হটিনি। ফিরতি পথে মোকামপুঞ্জিতে দায়িত্ববান কাউকে না পাওয়ায় রাংপানি সম্পর্কে বিশদ কোন তথ্য যোগাড় করা সম্ভব হয়নি। বস্তায় বন্দি থাক সব তথ্য উপাত্য। আজ/কালই মটর বাইক নিয়ে বের হয়ে যেতে পারেন সিলেটের পথে।
সাবধানঃ মটর বাইক রাইডে যাদের দক্ষতা নেই,তারা ভুলেও সিলেট রোডে যাবেন না। বাইক রাডের বডি প্রটেক্ট/গিয়ার ইনুস্টুমেন্ট ছাড়া বের হবেন না। রাইড কালীন হেড ফোন পরিহার করুন। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। মনে রাখবেন মটর বাইকে যেমন নিজ খেয়াল খুশিমত ঘুরাঘুরি করে চরম আনন্দ পাওয়া যায়,ঠিক তেমনি সামান্য ভুলের কারণে তা বিষাদেও পরিণত হতে সময় লাগে না। রাংপানি হতে সন্ধ্যার আগে আগেই ফিরতি পথ ধরবেন। কারণ স্থানীয়রা যথেষ্ট পর্যটনবান্ধব নয়।
বিশেষ তথ্যঃ মটর বাইক ভ্রমণকালীন সময়ে “যেখানে রাইত – সেখানেই কাইৎ” এরকম ভাবনা যাদের তারা দুজনের বেশি যাবেন না। এর কারণ যত মানুষ – ততো মতভেদ। সিলেট ভ্রমণের এখনি মোক্ষম সময়। বর্ষায় পানি থাকে ঘোলাটে। এখন এতোটাই স্বচ্ছ পাবেন যে, মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির কয়েক ফুট নীচে থাকা নানান রঙের পাথর গুলোও দৃশ্যমান হয়।
যারা যাবেন না বাইকেঃ গণ পরিবহণে যারা যেতে চান তারা সিলেট নগরের দরগা/ আম্বরখানা হতে সিএনজি/বাসে/রেন্টকারে স্বাচ্ছন্দে পুরো পরিবার নিয়ে, বন্ধুদের সঙ্গে দলবেঁধে কিংবা একাই ঘুরে আসা যাবে। আরো বেশি জানতে ভ্রমণকালীন গুগল ম্যাপ বিশেষ সহায়ক হবে।
ছবির ছৈয়ালঃ হাফিজ ও “দে’ছুট” ভ্রমণ সংঘ
লেখকঃ জাভেদ হাকিম, সাংবাদিক ও ভ্রমণ গল্পের লেখক।






আপনার মতামত লিখুন