আর্জেন্টিনার জয়রথ থামাতে পারেনি পেরু
নিষেধাজ্ঞার কবলে থাকায় ডাগআউটে ছিলেন না স্কালোনি নিজেই। তার জায়গায় ছিলেন পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েল। মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি। আরও স্পষ্ট করে বললে, থামানো যায়নি ‘এল তোরো’ খ্যাত লাউতারো মার্টিনেজকে। তার জোড়া গোলের সুবাদে টানা তিন জয় নিয়ে দাপটের সঙ্গেই কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা।
মূল একাদশে নেই লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো নিয়মিত সব মুখ। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে।
টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম বসালেন লাউতারো মার্টিনেজ। ২০০১ সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের। ২৩ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এদিন আর্জেন্টিনার গোলের ব্যবধান আরেকটু বাড়তে পারতো। যদিও ৭২ মিনিটে পেনাল্টি মিস করে বসেন বার্থডে বয় লিয়ান্দ্রো পারেদেস।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। কিছুটা ধীরগতির শুরুর পর আক্রমণে যখনই গিয়েছে তখনই পেরুর লো-ব্লক ডিফেন্সের কাছে আটকাতে হয়েছে তাদের। আর গোলবারের নিচে পেদ্রো গ্যালেসি ছিলেন পেরুর ত্রাতা হয়ে। অন্তত তিনবার নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছেন তিনি। যদিও বিরতির পরপরই ভাঙে তার প্রতিরোধ। আনহেল ডি মারিয়ার বাড়ানো থ্রু বল ভেঙে দেয় পেরুর ডিফেন্স লাইনআপ। এগিয়ে আসা গোলরক্ষককে আলতো চিপে পরাস্ত করেন লাউতারো।
ম্যাচের ৭২ মিনিটে ডি মারিয়ার পাস ধরেই আরেকটি গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। গোলমুখে আর্জেন্টিনার শট হেসুস কাস্তিলোর হাতে লাগায় পেনাল্টি পারা। পারেদেসের জোরালো শট ফিরে আসে গোলবার থেকে।






আপনার মতামত লিখুন