আগামী রোববার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
আগামী রোববার (৯ জুন) চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টার দিকে পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক জানান, আগামী রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।
পরদিন সকালে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১১ জুন সকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।
এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে এলাকায় বইছে উৎসবের আমেজ। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী।






আপনার মতামত লিখুন