আজ মধ্যেরাতে শেষ হচ্ছে প্রচারণা
আজ শেষ প্রচারণা। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা ভোট হবে কাল মঙ্গলবার (২১ মে)। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
নির্বাচনী এলাকাগুলোতে ভোটের দিন সাধারণ ছুটি এবং ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সেবার যানবাহন সকল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এবারে ২৪ উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে। এই ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮শ’রও বেশি প্রার্থী। তবে তিন পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব উপজেলায় মোট ভোটার ৩ কোটিরও বেশি।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোটের তফসিল হলেও, শেষ পর্যন্ত হচ্ছে ১৫৬ উপজেলায়। প্রার্থীর মৃত্যু, স্থগিত ও আইনি জটিলতায় ৩ উপজেলায় ভোট পিছিয়েছে। আর ২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই একক প্রার্থী থাকায় ভোট হবে না। এই ধাপে ১৫৬ উপজেলার ২৪টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।
দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬০৩ জন। ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ উপজেলায় চেয়ারম্যান, ৮ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।






আপনার মতামত লিখুন