বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ
আজ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
এর আগে, সোমবার (১৩ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও তাসকিনের ইনজুরির রিপোর্টের কারনে তা পেছানো হয়।
জিম্বাবুয়ে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপ স্কোয়াডে। শান্ত আছেন অধিনায়ক হিসেবে। ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকের থাকা অনেকটাই নিশ্চিত।
পেস বোলিং বিভাগে ভরসা রাখা হবে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামের ওপর। তাসকিনের থাকাটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ মুহূর্তে তিনি বাদ পড়লে ভাগ্য খুলতে পারে তানজিম হাসান সাকিবের। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের থাকার জোরালো সম্ভাবনা। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আরও দুই ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে ১৮টি দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। আজ ঘোষণা করা হবে বিশ্বকাপে বাংলাদেশ দল।






আপনার মতামত লিখুন