রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
আজ ভোরে বৃষ্টি নগরজীবনে স্বস্তি দিলেও জলাবদ্ধতা বাড়িয়েছে দুর্ভোগ। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার (১১ই মে) সকাল থেকেই ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। আবহাওয়া অফিসের তথ্যমতে সকালে শুধু ঢাকাতেই ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ভোগান্তি বাড়ে মানুষের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টি হবে। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
কয়েক ঘণ্টার এই বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অনেক সড়ক। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও চলাচলকারীরা ব্যাপক ভোগান্তিতে পড়ে।
সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালে তুমুল বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। আবার অনেকেই বের হতে পারেননি ঘর থেকে। আর বৃষ্টি শুরুর পরই ঢাকার সড়কে যানবাহনের চলাচলও সীমিত হয়ে পড়ে।
এদিকে, ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, খুলনা ও গোপালগঞ্জসহ দেশের অনেক স্থানে এখনো বৃষ্টি হচ্ছে। এতে করে এদিকে যেমন জনজীবনে শস্তি এসেছে তেমনি ভোগান্তিতেও পড়ছেছেন এসব এলাকার শ্রমজীবী মানুষ।






আপনার মতামত লিখুন