ছয় দিনের সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ
ছয় দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড যাচ্ছেন আজ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে পাঁচ দিনের এ সফর অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশটিতে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনেও যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান।
সফরসূচি অনুযায়ী, আজ বুধবার (২৪ এপ্রিল) ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। মোট ৫টি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হচ্ছে। এরইমধ্যে শুল্ক, জ্বালানি এবং পর্যটন খাতে সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর এ সফরে আলোচনা হবে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।






আপনার মতামত লিখুন