স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম অনুষঙ্গ হবে ডিএসইঃ ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু
বর্ণাঢ্য এক কর্মময় জীবন অতিবাহিত করছেন ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। যেখানেই তাঁর হাত পড়েছে সেখানেই যেন সোনা ফলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য ছিলেন। তিনি আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. হাফিজ জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের অধীনে চেক সরকারের বৃত্তি নিয়ে চেকপ্রজাতন্ত্র থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন।
তিনি গবেষণার জন্য জার্মানির ড্যাড ফেলোশিপও অর্জন করেন। হাসান বাবু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস থেকে ড. এম এ গণি মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সেরা গবেষণার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে ইউজিসি স্বর্ণপদক গ্রহণ করেন।
তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে প্রকাশিত স্বনামধন্য জার্নাল কম্পিউটার্স অ্যান্ড ডিজিটাল টেকনিকসের সহযোগী সম্পাদক।
তাঁর শতাধিক গবেষণাপত্র বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক কনফারেন্সে সেরা গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া হাসান বাবু যুক্তরাষ্টের একটি প্রকাশনা সংস্থা এবং যুক্তরাজ্যের দুটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চারটি পাঠ্যবই রচনা করেছেন। আগামী ৫ মার্চ ঢাকা স্টক একচেঞ্জের চেয়ারম্যান হিসেবে ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর এক বছর পূর্ণ হবে। এই উপলক্ষে তিনি স্বদেশ বাংলাকে দীর্ঘ এক স্বাক্ষাৎকার দেন। খোলামেলা আলোচনায় তিনি পুঁজিবাজার নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন। স্বাক্ষাৎকার নিয়েছেন একেএম রাশেদ শাহরিয়ার।
স্বদেশ বাংলাঃ আপনার মেয়াদকাল প্রায় একবছর পূর্ণ হতে চলেছে। এসময় পুজিবাজারে অনেক টানাপোড়েন দেখলেন। ২০২৪ সাল নিয়ে আপনার ভাবনা কি?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ ২০ ২৪ সালে আমরা প্রথমত যেটা মনে করি মানুষের যে আস্থার সংকট সেটা দীর্ঘদিন ধরেই অবস্থান করছিল সেটা দূর করব। বিশেষ করে করোনাকালীন সময়ে এটা বেশি প্রকট আকার ধারণ করে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এর মধ্যে প্রভাব ফেলে এছাড়া সারাবিশ্বে মন্দার ফলে আমাদের দেশেও এর প্রভাব পড়ে। এসব কারণে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে মানুষের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। ২০২৪ সাল হবে আস্থা ফিরে পাবার বছর।
স্বদেশ বাংলাঃ জাতীয় নির্বাচনের কারণে কী সংকট বেড়েছিল?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ হ্যাঁ সেটা শুধু আমাদের দেশেই নয়। সবদেশেই হয়। জাতীয় নির্বাচনের কারণে মানুষজন একধরনের পর্যবেক্ষণের মধ্যে ছিল। এবং আমি মনে করি যে এসময় মানুষজন বিশেষ করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বেশি একটা আগ্রহী ছিল না। মানুষ অপেক্ষায় ছিল যে, সরকার আসলে সরকার কীভাবে কাজ করবে, সরকার প্ল্যান-প্রোগ্রাম কী হবে? পুঁজিবাজারে সরকারি নীতি নির্ধারণ কি হবে? এসব বিষয় মানুষ দেখতে চাইছিল।
স্বদেশ বাংলাঃ সেই অনিশ্চয়তা তো এখন নেই?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ না, সেটা ভালোভাবেই উত্তরণ হয়েছে। আমি মনে করি, যেহেতু সরকারের ধারাবাহিকতা রক্ষা হয়েছে এবং নির্বাচনে আবার পূর্বের সরকার ক্ষমতা গ্রহণ করেছে তাই এখন নিশ্চিতভাবেই আবার পুঁজিবাজারের দিকে মানুষ ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করার বিষয়ে যে আগ্রহ এবং পুঁজিবাজারকে স্মার্ট করা বিষয় যে আগ্রহ সেসব কারণেও এখন নতুন করে বিনিয়োগকারীগণ পুঁজিবাজারে আসবে বলে আমি মনে করি।
স্বদেশ বাংলাঃ পুঁজিবাজার বিষয়ে আপনাদের পরিকল্পনা কি?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আপনারা জানেন যে, ইতিমধ্যেই বিএসইসি’র মাধ্যমে বিদেশে বেশ কিছু রোড শো হয়েছে যেগুলো বিডার সহযোগিতায় বিএসইসি’র চেয়ারম্যান অত্যন্ত দক্ষতার মাধমৈ বাস্কতবায়ন করেছেন। বিদেশের এই রোডশোয়ের কারণ ছিল বিদেশীদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলা। কিছু বিদেশি ইনভেস্টমেন্ট পাইপ লাইনে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা সেগুলোর বাস্তব রূপ দেখতে পাবো। আমরা আশা করছি খুব শীঘ্রই বিদেশী কিছু বিনিয়োগ বিশেষ করে পুঁজিবাজারে কিছু বিনিয়োগ আমরা দেখতে পাবো।
স্বদেশ বাংলাঃ বিদেশি বিনিয়োগের কথা বললেন, ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভূক্ত করা যায় না?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আমাদের দেশে অনেক ভালো কোম্পানি এখনো পুঁজিবাজারে আসেনি। আমরা সেদিকে নজর দিব। বিজিএমই’র সভাপতির সাথে আমি কথা বলেছি। আমরা দেখেছি সেখানে গ্রিণ ফ্যাক্টরি বা ওয়ার্ল্ড টপ রাঙ্কিং ফ্যাক্টরি আমাদের দেশে রয়েছে, কিন্তু তারা পুঁজিবাজারে আসেনি। তো সে বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের পরিকল্পনা হলো তাদের টপ 20 বা টপ থার্টি গ্রিণ ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোর সাথে আমরা আনুষ্ঠানিকভাবে বসব। শুধু ভালো মানের পোশাক রপ্তানি ব্র্যান্ডিং এর একমাত্র পথ হতে পারে না। প্রতিষ্ঠানটি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হলে সেটা ব্র্যান্ডিংয়ের জন্য এটি একটি কার্যকরী ব্যবস্থা হতে পারে।
এসব বিষয়কে সামনে রেখে আমরা খুব শীঘ্রই তাদের সাথে বসব। বিজিএমইএ এর মত আমরা বিটিএম এর সাথেও বসবো এবং তাদেরও টপ রাঙ্কিংয়ের ২০/৩০ টি প্রতিষ্ঠানের সাথে কথা বলে আমরা ওদেরকে মার্কেটে নিয়ে আসার ব্যাপারে পদক্ষেপ নিব। এছাড়া বাংলাদেশ সরকারের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে আমরা পুঁজিবাজার নিয়ে আসতে পারি এবং তাদেরকে আনলে এটা পুঁজিবাদের জন্য অনেক ভালো জিনিস হবে।
স্বদেশ বাংলাঃ অনেক ভালো প্রতিষ্ঠান পুঁজিবাজারে এসে যেন খেই হারিয়ে ফেলে। সেসব প্রতিষ্ঠান নিয়ে আপনার ভাবনা কি?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ বাংলাদেশের অনেক করপোরেট প্রতিষ্ঠান রয়েছে যেমন ধরেন, গ্রামীণফোন, রবি বা স্কয়ার তাদের সাথেও আমরা বসব। যারা ইতিমধ্যেই লিস্টেড হয়েছেন এবং মার্কেটে রয়েছেন তাদেরকে মার্কেটে ব্যাপারে আরো সক্রিয় করব। বাজারে যেন এসব কোম্পনির কারণে ভালো প্রভাব পড়ে সেটাই হবে আমাদের লক্ষ্য। কারণ এসব কোম্পানিগুলো ভালো প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
স্বদেশ বাংলাঃ পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার বিষয়ে কর রেয়াত নিয়ে একটা আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে।
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। যেটা আপনারা জানেন যে, একটা লিস্টেড কোম্পানি আরেকটা আনলিস্টেড কোম্পানির করহার প্রায় কাছাকাছি। ফলে একটা প্রতিষ্ঠান লিস্টেড হওয়ার পরে খুব একটা বেনিফিটেড হয় না। কিন্তু একটা লিস্টেড কোম্পানি অনেকগুলো নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। ফলে অনেক প্রতিষ্ঠান খুব একটা আগ্রহ দেখান না। সেজন্য আমরা ডিএসই’র একজন পরিচালকের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি। যাতে তারা এনবিআরের সাথে আলোচনা করে বেশি কর সুবিধা দেওয়ার ব্যাপারে কাজ করতে পারে। যারা লিস্টেড হবে তাদেরকে বেশি সুবিধা দিতে আমরা সচেস্ট ।
স্বদেশ বাংলাঃ ডি-মিউচ্যুয়ালাইজেশন বিষয়ে অগ্রগতি কেমন হয়েছে?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আপনারা জানেন যে ডি-মিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট ইতোমধ্যে হয়েছে সেটা অনেকদিন আগেই। কিন্তু এখন পর্যন্ত সেটার কোন ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক কাজের চাপের কারণে সেগুলো নিয়ে কাজ করতে পারছি না। কাজগুলো আরো কীভাবে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করব। যেগুলো বললাম এ সবগুলো বিষয় নিয়ে আমরা ডিবিএ, মার্চেন্ট ব্যাংক এবং আমাদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসি’র সাথে বসব। সবাই মিলে পুঁজিবাজারকে কীভাবে আরো বেশি ইফেক্টিভ করা যায় সে বিষয়ে পরিকল্পনা তৈরি করব। ২০২৪ সালকে সামনে রেখে এ প্ল্যানগুলো আমাদের থাকবে।
স্বদেশ বাংলাঃ ডিএসইকে ডিজিটালাইজেশন করার বিষয়ে অনেকে বলেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিষয়ে কোনও উদ্যোগ নিবেন?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ ইতিমধ্যেই আমরা নিজেদের অ্যাপ লঞ্চ করেছি। কোনও বিপর্যয় হলে যেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যক্রম চালাতে পারে সেজন্য আমরা ডিজাস্টার রিকভারি সাইট করছি এবং আগামী মে মাসের মধ্যে শেষ করতে পারব বলে আশাকরি। এছাড়া ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা আমাদের মত করে নিজেরা তৈরি করতে পারি কিনা সেই বিষয়ে কাজ করছি। যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের খরচ অনেকাংশে কমে যাবে। বিদেশীদের উপরে আমাদের নির্ভরশীলতা অনেকখানি কমে যাবে। এছাড়া ডিএসইর সাথে ব্রোকারেজ হাউজ গুলোর যে কমিউনিকেশন হয় সেটা এখন ম্যানুয়াল, সেই কমিউনিকেশনগুলোকে আমরা ২০২৪ সালে ডিজিটাল কমিউনিকেশনের রূপান্তর করার চেষ্টা করব। ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম চালু হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে ব্রোকারেজ হাউজের আরও খুবই সুশৃংখল কমিউনিকেশন হবে।
স্বদেশ বাংলাঃ ডিএসই’র জনবলের আধুনিকায়ন নিয়ে কিছু বলবেন?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আমাদের যারা ম্যান পাওয়ার রয়েছে, যারা আমাদের কর্মী বাহিনী রয়েছে তাদেরকে দক্ষ কর্মী বাহিনীতে রূপান্তর করার ব্যাপারে আমরা সক্রিয়ভাবে চিন্তা করছি। আমাদের হয়তো অনেক ম্যানপাওয়ার আছে, কিন্তু তা যদি দক্ষ না হয় তাহলে যোগাযোগের মধ্যে বিশেষ করে স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ হাউজ এর মধ্যে যে যোগাযোগ সেটা সেখানে সমস্যা তৈরি হবে। তারা সক্ষম না হলে আমরা পিছিয়ে পড়বো। তাই আমাদের যারা কর্মী বাহিনী আছে তাদেরকে দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমি ২০২৪ সালে এটাকে আমি খুবই প্রাধান্য দিয়ে কাজ করছি। কর্মীদের মধ্যে যেখানে যার ঘাটতি আছে, যে বিষয়ে যার ঘাটতি আছে সে বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে অথবা সেখানে দক্ষ জনবল দিয়ে আমরা সেই ঘাটতি গুলোকে পূরণ করার চেষ্টা করব।
স্বদেশ বাংলাঃ ডিএসই’র অর্গানোগ্রাম আছে না?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আমাদের একটা সুন্দর অর্গানোগ্রাম রয়েছে। তবুও আমি মনে করি যে এই অর্গানোগ্রামকে যুগের সাথে তাল মিলিয়ে আরো কীভাবে আধুনিক করা যায় সেই বিষয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি। তারা কাজ করছে এবং যেখানে স্যালারি স্ট্রাকচারসহ একটা সুন্দর অর্গানোগ্রাম খুব দ্রুত আমরা উপহার দিতে পারব। আমাদের কর্মীবাহিনীর মধ্যে যদি কেউ থাকে, যাদের আসলে এখানে প্রয়োজন নেই তাহলে আমরা সেই অপ্রয়োজনীয় জনবল কমানোর জন্য উদ্যোগ নিব এবং যাদেরকে অপসারণ করার চিন্তা করব তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সচেতন থাকব। প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সুন্দরভাবে সম্মানের সাথে বিদায় করব।
স্বদেশ বাংলাঃ কর্মীদের কথা বললেন, ব্রোকারেজ হাউজ বা বিনিয়োগকারীদের প্রশিক্ষিত করা দরকার না?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ যারা আমাদের আমাদের স্টেক হোল্ডার আছেন, ইনভেস্টর আছেন সবাইকে ট্রেইন্ড (প্রশিক্ষিত) করতে হবে। কারণ তারা যদি দক্ষ না হয় এবং তারা যদি দক্ষতা সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে সে ক্ষেত্রে পুঁজিবাজারের অনেক ক্ষতি হবে।
যারা বিনিয়োগকারী আছেন তাদের স্বার্থ সুরক্ষার জন্য তাদেরও মাঝে মাঝে প্রশিক্ষণ দেওয়া যায় বা তারা যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেই ব্যাপারে আমরা উদ্বেগী হব।
স্বদেশ বাংলাঃ এসব কাজ নিয়ে আপনার কোনও রোড ম্যাপ আছে?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আমি যা কিছু বললাম এগুলো নিয়ে আমরা খুব শিগগিরই একটা রোড ম্যাপ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন কিভাবে করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ডিএসই আত্মপ্রকাশ করবে এবং বিএসইসির সাথে সমন্বয় করে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে সরকারের সাথে ডিএসসি কাজ করবে।
স্বদেশ বাংলাঃ সরকারের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক টাস্কফোর্সের সদস্য ছিলেন। বর্তমানের সরকারের সহয়োগীতার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে যেভাবে ক্ষমতায় এসেছেন এতে আমরা আশাবাদী যে তিনি এই ব্যাপারে সচেতন। তাঁর যে উদ্দেশ্যে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। বিশেষ করে অর্থনৈতিক খাতে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সাফল্যকে ধরে রেখে আরো সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আমি আশাবাদি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি যে কাজ করছেন তার সাথে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ একসাথে কাজ করবে।
স্বদেশ বাংলাঃ স্মার্ট বাংলাদেশের কথা বললেন, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এখনও পুঁজিবাজারের নাম সেভাবে আসে না।
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ স্মার্ট বাংলাদেশের অন্যতম কম্পনেন্ট হলো স্মার্ট ইকোনমি। আর স্মার্ট ইকোনমিকের দুইটা পার্ট একটা হলো মানি মার্কেট আরেকটা হলো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে বাদ দিয়ে আমরা কিন্তু বেশি দূর যেতে পারব না। তো সেটাকে সামনে রেখে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটকে স্মার্ট বানানোর ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা আছে সেগুলো আমরা বাস্তবায়নে কাজ করছি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা কে সামনে রেখে স্মার্ট ইকোনমি সাজাতে অন্যতম অনুষঙ্গ ক্যাপিটাল মার্কেটকে কিভাবে আরো যুগোপযোগী করা যায় কিভাবে আরো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার।
স্বদেশ বাংলাঃ আপনাদের পদক্ষেপ কি? এই বিষয়ে কোনও পরিকল্পনা আছে?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার ব্যাপারে কাজ করছি। ওয়ার্কশপ করব, সেমিনার করব যাতে মার্কেটে একধরনের ভাইব্রেশন তৈরি হবে। যাতে ভাইব্রেশন এর সময় মানুষ বুঝতে পারবে ক্যাপিটাল মার্কেট জেগে উঠেছে। এবং এই জাগ্রত অবস্থায় ক্যাপিটাল মার্কেট অনেক দূর যাবে এটাকে থামানো আসলে কার পক্ষে আর সম্ভব নয়।
স্বদেশ বাংলাঃ উন্নয়ন বিনিয়োগ পুঁজিবাজরের তেমন ভূমিকা দেখা যায় না?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ বেশিরভাগ দেশে যেসব বড় বড় ডেভেলপমেন্টগুলো হয় উন্নয়নগুলো হয় সেগুলার অর্থের যোগান দেয় ক্যাপিটাল মার্কেট বা ক্যাপিটাল মার্কেট থেকে এসব অর্থের যোগান দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ চলছে ঠিক তার উল্টো। অর্থাৎ বাংলাদেশের এসব বিনিয়োগের বিষয়ে ক্যাপিটাল মার্কেটের তেমন কোনো ভূমিকা নেই। ফলে যেটা হচ্ছে যে, আমাদের ব্যাংক খাতের উপর বেশি চাপ পড়ছে। ব্যাংকখাতের ছোট ছোট বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী কিন্তু ব্যাংক থেকে বিনিয়োগ নিবেন। কিন্তু বড় বিনিয়োগ করতে গিয়ে ছোট বিনিয়োগকারী অনেক সময় বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের উন্নয়নে ক্যাপিটাল মার্কেটকে কিন্তু অংশীদার করতে হবে।
স্বদেশ বাংলাঃ ক্যাপিটাল মার্কেটে এখন অনেকটা ট্রেড হয়, বিনিয়োগকারী সেভাবে দেখা যায় না।
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ ক্যাপিটাল মার্কেট যদি উন্নয়নের না হয় তাহলে দৈনন্দিন শুধু কেনাবেচা আমরা যেটাকে বলে সেকেন্ডারি মার্কেটে টাকা কামানো আর টাকা হারানো, এটা যদি হয় ক্যাপিটাল মার্কেটের মূল রোল তাহলে কেবল মার্কেট ঘুরে দাঁড়াতে পারবেনা। তাহেল মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারবে না ক্যাপিটাল মার্কেট। আমাদের এখন যেটা হচ্ছে একজন বিনিয়োগকারী মনে করেন যে আমি বাজারে যাব আর প্রফিট নিয়ে আসব। ক্যাপিটাল মার্কেট বিনেয়াগ হওয়া লাগবে দীর্ঘ সময়ের জন্য। এক্ষেত্রে আমাদেরও দায় আছে। আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তুলব এবং তাদের বিনিয়োগ যেন সুরক্ষিত থাকে তাদেরকে পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে প্রয়োজন আছে বলে আমি মনে করি।
স্বদেশ বাংলাঃ সরকারের কাছে আপনারেদ প্রতিশ্রুতি কি?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকার গঠন করেছেন। ৪১ সালের যে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা তিনি নিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ক্যাপিটাল মার্কেট কে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে বিষয়ে আমার তৎপর হব। আমরা খুব শিগগিরই মাননীয় অর্থমন্ত্রীর সাথে বসব। আমরা জানি যে তিনি একজন ইকোনমিস্ট, তিনি অর্থনীতি অনেক ভালো বুঝেন। তিনি এটা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দাঁড়ানোর ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের অনেক ভূমিকা রয়েছে। আমরা তাঁর সাথে আলোচনা আলোচনা করে আমরা কিভাবে কাজ করব এবং আমাদের কাজের প্রক্রিয়া কি হবে গুরুত্বপূর্ণ পরামর্শ নিব। তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের সহায়তা করবে বলে আমার মনে হয়
স্বদেশ বাংলাঃ এই বিষয়ে বাংলাদেশ বাংকের সাথে একটা সমন্বয় দরকার আছে বলে মনে হয়?
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ হ্যাঁ,বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথেও আমরা বসব। বিশেষ করে আমরা মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে এই আলোচনাগুলো করতে পারি। আমরা জানি যে, পুঁজিবাজারে ব্যাংকের যে বিনিয়োগ করার কথা রয়েছে, সেসব পরিপূর্ণ করলে বাজারে একটা পজেটিভ প্রভাব পড়বে। তবে আরেকটা কথা আমি বলে রাখি যে বাংলাদেশ ব্যাংক বা মানি মার্কেট এর উপর ক্যাপিটাল মার্কেটে ডিপেন্ডেন্সি থাকা উচিত নয় যে বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ না থাকলে মার্কেট থাকবে না ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে যাবে। এসব চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ বা মানি মার্কেটের যে বিনিয়োগ সেটা না থাকলেও ক্যাপিটাল বড় কিছু হতে পারে বা আরো বড় সুযোগ থাকতে পারে সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত।
স্বদেশ বাংলাঃ আমাদেরকে সময় দেয়ার জন্য আপানকে অসংখ্য ধন্যবাদ।
ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুঃ আপনাকে এবং আপনার মাধ্যমে স্বদেশ বাংলার সকল পাঠক বিশেষ করে পুঁজিবাজারের সাধে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।






আপনার মতামত লিখুন